হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৬:৫৭ পিএম

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন শিশু হামে এবং বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭২৯ শিশু ভর্তি হয়েছে এবং ৮২ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া ১ হাজার ৩৭১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের।

ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৭৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ১৭ জন।

এ সময়ে হাসপাতাল থেকে ৭১৩ শিশু ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫ জন, রাজশাহীতে ১২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০৩ জন করে রোগী হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬ শিশুর।

এ ছাড়া এই সময়কালে হামের উপসর্গ নিয়ে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে ১০ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং ৮ হাজার ৩৬৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Link copied!