বাস ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তহীনতা, প্রস্তাব যাচ্ছে মন্ত্রণালয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১০:২৪ এএম

বাস ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তহীনতা, প্রস্তাব যাচ্ছে মন্ত্রণালয়ে

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাস ভাড়া সমন্বয় নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে দীর্ঘ আলোচনার পরও ভাড়া বাড়ানো বা সমন্বয় বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার রাতে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, পরিবহন মালিকপক্ষ তাদের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছে, যা যাচাই বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।
 

তিনি বলেন, জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের বিনিময় হারেও পরিবর্তন এসেছে, যা পরিবহন ব্যয়ের ওপর প্রভাব ফেলছে। তবে একই সঙ্গে ভাড়া বাড়ালে সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ পড়বে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
 

এর আগে সন্ধ্যায় রাজধানীর বনানীতে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন বিআরটিএ কর্মকর্তারা। সেখানে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে বৈঠক চলাকালে সংবাদ সংগ্রহে যাওয়া কয়েকজন সাংবাদিকের সঙ্গে বিআরটিএ চেয়ারম্যানের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। পরে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

বর্তমানে ভাড়া বাড়ানো নিয়ে অনিশ্চয়তা থাকায় যাত্রী ও পরিবহন খাত দুই পক্ষেই অপেক্ষা তৈরি হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

Link copied!