কুয়েতে জেল খেটে দেশে ফিরে যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১০:০১ এএম

কুয়েতে জেল খেটে দেশে ফিরে যুবকের মৃত্যু

কুয়েতে কারাভোগ শেষে দেশে ফিরে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তার বুকে ব্যথা শুরু হয়। পরে বিমানবন্দর পুলিশের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুরুল ইসলাম সাগর (৩৫) ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর গ্রামের বাসিন্দা এবং মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিথলিয়া ইউনিয়ন শাখার সহসভাপতি ছিলেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত বছরের আগস্টে কাজের উদ্দেশ্যে কুয়েতে যান সাগর। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় তিনি আটক হন এবং ১৫ দিন কারাভোগ করেন। পরে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

সাগরের বাবা মো. শাহজাহান জানান, পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনি ঢাকায় এসে ছেলের মরদেহ গ্রহণ করেন।

ওসি আশরাফুল ইসলাম বলেন, বিমানবন্দর পুলিশের তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয় এবং তারা মরদেহ গ্রহণ করেছেন।

Link copied!