নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১১:১৮ এএম

নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন। 
সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর স্থানীয় সার্কিট হাউসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর সার্কিট হাউসে প্রবেশ করার পর বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান ফুল দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। ডা. জুবাইদা রহমানকে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্কিট হাউস এলাকায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এর আগে ভোর ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী হিসেবে নিজ জেলা সফরের বিষয়টি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, ভিভিআইপি মুভমেন্টের কারণে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ বগুড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন এবং গাবতলী উপজেলার বাগবাড়ীতে তাঁর পৈতৃক নিবাস ‍‍`জিয়া বাড়ি‍‍` পরিদর্শন। এছাড়াও বিকেলে আলতাফুননেসা খেলার মাঠে এক বিশাল জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে পুরো বগুড়া জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে রাজপথ। দীর্ঘ প্রতীক্ষার পর ‍‍`বগুড়ার সন্তান‍‍` প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।
 

Link copied!