শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ১২:০৫ পিএম

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বর্ষবরণের এই শোভাযাত্রা শুরু হয়। এতে নানা বয়সি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেয়। এরপর রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে ফিরে আসে এবং সকাল ১০টার দিকে শেষ হয়।

শোভাযাত্রায় বিশ্ব ও দেশীয় বিভিন্ন ইস্যুর প্রতিফলন দেখা যায়। অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম। এসব প্ল্যাকার্ডে উঠে আসে পরিবেশ, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক বিভিন্ন বিষয়। ‘বাঁচাও সুন্দরবন’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’, ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’—এমন নানা স্লোগান দেখা গেছে।

এবারের শোভাযাত্রায় মোট পাঁচটি প্রধান মোটিফ ছিল—মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। প্রতিটি মোটিফ আলাদা বার্তা বহন করে।

পুরো শোভাযাত্রাজুড়ে ঢোল, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর ছিল। সঙ্গীত ও রঙের মেলবন্ধনে ঐতিহ্যবাহী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ঢাবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।

Link copied!