পদ্মা, মেঘনা ও যমুনাকে দেশব্যাপী তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিলো বিপিসি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৯:৪৯ এএম

পদ্মা, মেঘনা ও যমুনাকে দেশব্যাপী তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিলো বিপিসি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে তাদের অধীনস্থ কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনাকে। ফিলিং স্টেশনগুলোতে চাহিদা সামাল দিতে অকটেনের সরবরাহ ২০ শতাংশ এবং পেট্রোল ও ডিজেলের সরবরাহ ১০ শতাংশ বাড়াতে বলা হয়েছে।

বিপিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সরকার চলতি বছরের মার্চ থেকে জ্বালানি তেলের সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ করে। এর আওতায় গত বছরের মার্চ থেকে মে মাসের গড় চাহিদা বিবেচনায় নিয়ে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হচ্ছিল। মূলত অবৈধ মজুত ঠেকানো এবং আতঙ্কে অতিরিক্ত জ্বালানি কেনা নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়।

এই ব্যবস্থায় আগে পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানি প্রতিদিন গড়ে ১১ হাজার ৮৬২ টন ডিজেল, ১ হাজার ১৮৫ টন অকটেন এবং ১ হাজার ৩৭৪ টন পেট্রোল সরবরাহের অনুমতি পেত।

তবে সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, রোববার রাত থেকে সরবরাহের পরিমাণ বাড়ানো হয়েছে। এখন প্রতিদিন ডিজেল ১৩ হাজার ৪৮ টন, অকটেন ১ হাজার ৪২২ টন এবং পেট্রোল ১ হাজার ৫১১ টন করে সরবরাহ করা হবে।

সোমবার থেকেই বাড়তি এই জ্বালানি দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে পৌঁছাতে শুরু করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Link copied!