দাবি পাকিস্তানি সাংবাদিকের

ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০২:৪২ পিএম

ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে উভয় পক্ষ আবারও নতুন দফা আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানভিত্তিক সংবাদ জিও নিউজের জ্যেষ্ঠ বিশ্লেষক ও সাংবাদিক হামিদ মির। তবে নতুন বৈঠকের সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি।

রোববার (১২ এপ্রিল) রাতে জিও নিউজের অনুষ্ঠান ‘নয়া পাকিস্তান’-এ শেহজাদ ইকবালের সঙ্গে আলাপকালে হামিদ মির বলেন, আমরা বলতে পারি না যে আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ এক বা দুই বৈঠকে কোনো বড় সমাধান আসে না।

উভয় পক্ষের সূত্রের বরাতে তিনি জানান, দীর্ঘ আলোচনার পর কিছু বিষয়ে অগ্রগতি হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজ নিজ নেতৃত্বের সঙ্গে পরামর্শ প্রয়োজন। তিনি বলেন, তারা কোন কোন বিষয়ে একমত হয়েছে তা প্রকাশ করতে রাজি হয়নি, তবে আমরা কিছু বিষয় বুঝতে পেরেছি।

হামিদ মিরের মতে, আলোচনার শেষ পর্যায়ে জেডি ভ্যান্স ইরানি প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে কথা বলেন এবং তিনি বিষয়গুলো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। তিনি বলেন, মিডিয়ায় কোনো ঘোষণা দেয়া হবে না, আবার বৈঠক হতে পারে।

তিনি আরও বলেন, আমাদের তথ্য অনুযায়ী, ইসলামাবাদের আলোচনায় কোনো চূড়ান্ত ফল না এলেও উভয় পক্ষ আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে। তার সময় ও স্থান পরে নির্ধারণ করা হবে।

যুদ্ধবিরতির প্রসঙ্গে হামিদ মির বলেন, বর্তমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরোক্ষ যোগাযোগ চলছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উপায়ে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘কূটনীতি কখনোই শেষ হয়ে যায় না’। তার বক্তব্যে বোঝা যাচ্ছে, বর্তমান সংকট নিরসনে তেহরান এখনও আলোচনায় আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাঁচ সপ্তাহের সংঘাতের পর গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এর পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদে এই বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় সময় ১১ এপ্রিল শুরু হওয়া এই আলোচনা প্রায় ২১ ঘণ্টা স্থায়ী হয়ে ১২ এপ্রিল সকালে শেষ হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে। তথ্যসূত্র: জিও নিউজ

Link copied!