বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ১২:১৮ পিএম

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী বুধবার (২২ এপ্রিল) এর মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে আবারও বোমা হামলা শুরু হতে পারে।

স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। তবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর উদ্দেশ্যে দুই দেশ পরোক্ষ আলোচনায় যুক্ত রয়েছে।

এরই মধ্যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, এই সপ্তাহান্তে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল সোমবার পাকিস্তানে আলোচনায় বসতে পারেন। এর পরপরই ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুমকি দেন। তবে এর আগে শুক্রবার তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি রয়েছে।

অন্যদিকে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তেহরান দাবি করেছে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে, তবে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে এটি আবারও বন্ধ করা হতে পারে।

শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।’

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারের বিষয়টি বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল।

Link copied!