সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ১২:৩০ পিএম

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ইরানি সরকারি কর্মকর্তাদের সূত্র। খবরটি প্রকাশ করেছে সিএনএন।

ওই কর্মকর্তারা জানান, আলোচনায় অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদের আগামীকাল রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দেশের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা ওই ম্যারাথন বৈঠকের পরও পরমাণু ইস্যুতে মতপার্থক্য থেকে যায় বলে পরে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ তিনি আর বাড়াবেন না। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে নাকি আবার হামলা শুরু হবে—সে বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি।

ট্রাম্প বলেন, ‘হয়তো আমি এর মেয়াদ বাড়াব না। তখন (হরমুজ প্রণালিতে) অবরোধ জারি থাকবে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।’

এর আগে ১১ এপ্রিল (শনিবার) পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই আলোচনায় কোনো সমঝোতা হয়নি, ফলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল চুক্তি ছাড়াই দেশে ফিরে যায় বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জেডি ভ্যান্স বলেন, কোনো চুক্তি ছাড়াই তারা ফিরে এসেছেন।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

Link copied!