এপ্রিল ১৯, ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের সঙ্গে জড়িয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন, যেখানে নেতানিয়াহুই তাকে ‘টেনে নামিয়েছেন’। এ বিষয়ে আমাদের স্পষ্ট থাকতে হবে।
কমলা হ্যারিস আরও অভিযোগ করেন, ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না এবং এর মাধ্যমে মার্কিন সেনা সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।
এর আগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও একই ধরনের অভিযোগ করেন। তিনি দাবি করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার মার্কিন প্রেসিডেন্টদের ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন, তবে শুধু ট্রাম্পই এতে একমত হয়েছিলেন।
গত ১০ এপ্রিল জেন সাকির ‘দ্য ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে জন কেরি বলেন, নেতানিয়াহু বারবার মার্কিন প্রশাসনকে ইরানে সামরিক হামলার জন্য উৎসাহিত করেছিলেন, কিন্তু আগের প্রেসিডেন্টরা তা প্রত্যাখ্যান করেন। তিনি আরও বলেন, ‘ইসরাইলি প্রধানমন্ত্রী এই প্রস্তাব সরাসরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে উপস্থাপন করেছিলেন, প্রেসিডেন্ট ওবামা অস্বীকার করেছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন অস্বীকার করেছিলেন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশও অস্বীকার করেছিলেন।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের মন্তব্যের কোনো জবাব দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ইসরাইলকে ‘মহান মিত্র’ হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় সময় শনিবার রাতে দেওয়া ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মানুষ ইসরাইলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার মহান মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরাইল সেখানে কঠোরভাবে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে বিজয় আনতে হয়।’