৯ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০২:৪৬ পিএম

৯ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা কম আদায় হলেও বছর ব্যবধানে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১.১৫ শতাংশ।

আজ মঙ্গলবার এনবিআরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-মার্চ সময়ে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা।

তিনটি প্রধান খাত—আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর—কোনোটিতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দেখা গেছে আয়কর খাতে।

আয়কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকা। আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা, ফলে ঘাটতি ৪০ হাজার ৬১৭ কোটি টাকা।

আমদানি খাতে ১ লাখ ৩ হাজার ১৯৬ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭৩ কোটি টাকা।

ভ্যাট খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটি টাকা, আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি টাকা। এই খাতে ঘাটতি ৩৪ হাজার ৪০০ কোটি টাকা।

তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১.১৫ শতাংশ। গত বছর জুলাই-মার্চ সময়ে আদায় হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৯৯৬ কোটি টাকা।

শুধু মার্চ মাসেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এই মাসে ৬০ হাজার ৫০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৩ হাজার ৫২২ কোটি টাকা, ফলে ঘাটতি ২৬ হাজার ৫২৮ কোটি টাকা। তবে মাসিক হিসাবে বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ২.৬৭ শতাংশ।

Link copied!