সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তাপমাত্রা সতর্কতা নিয়ে বার্তা দেয়নি ফায়ার সার্ভিস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০২:৫১ পিএম

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তাপমাত্রা সতর্কতা নিয়ে বার্তা দেয়নি ফায়ার সার্ভিস

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তাকে ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটি বলেছে, এ ধরনের কোনো সতর্কতা তারা প্রচার করেনি।

শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত উচ্চ তাপমাত্রা নিয়ে যে বার্তাটি ঘুরছে, সেটি তাদের কোনো আনুষ্ঠানিক বার্তা নয়। সেখানে ‘ডাইরেক্টর জেনারেল অব সিভিল ডিফেন্স’-এর নামে যে তথ্য প্রচার করা হয়েছে, সেটির সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’ নামে যে প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে, বাস্তবে বাংলাদেশে এমন কোনো দপ্তর নেই। ফলে ওই বার্তাটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

সংস্থাটি সাধারণ মানুষকে এ ধরনের তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ সতর্কতা বা নির্দেশনা পেতে সরকারি নির্ভরযোগ্য উৎস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Link copied!