এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৫:৫৮ পিএম

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি  এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এ লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করতে পারেন বলেও জানা গেছে।

ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি তিন শতাধিক মামলার আসামি হয়েছিলেন। পরবর্তীতে বেশ কয়েকটি মামলায় আদালত থেকে খালাস পান।

সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসহাক সরকার। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক সচেতনতামূলক ভিডিও তৈরি করে পরিচিতি লাভ করেছেন।

নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের অন্তর্ভুক্তি এনসিপির কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।

Link copied!