এপ্রিল ১৯, ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত
বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা করে, যা আজ থেকে কার্যকর হয়েছে।
গতকাল রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন দাম জানায়।
একনজরে নতুন দাম (প্রতি লিটার):
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে এই সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। এবার ১১৫ টাকা নির্ধারণের মাধ্যমে সেই রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ দামে পৌঁছেছে ডিজেল।
এদিকে বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, বাড়তি চাহিদা মেটাতে তেল বিপণন কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিপিসি সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় জ্বালানির চাহিদা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, ‘বাজারে যে অস্বাভাবিক চাহিদা দেখা যাচ্ছে তা আসলে যৌক্তিক নয়। মানুষের ভোগান্তি কমাতে আমরা সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছি।’
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। পরে হরমুজ প্রণালি খোলার ঘোষণায় দাম কিছুটা কমলেও ইরানের নতুন করে প্রণালি বন্ধের ঘোষণায় আবারও অস্থিরতা তৈরি হয়।
বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ২ হাজার টন ডিজেল মজুত রয়েছে এবং আরও ১ লাখ টনের বেশি ডিজেল আসছে পথে থাকা জাহাজে। পাশাপাশি পেট্রল ও অকটেনের পর্যাপ্ত মজুতও রয়েছে। আজ থেকে ডিজেলের দৈনিক সরবরাহ ১১ হাজার ১০৭ টন থেকে বাড়িয়ে ১৩ হাজার ৪৮ টন এবং অকটেনের সরবরাহও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই ডিজেল। ফলে এর দাম বৃদ্ধিতে পরিবহন খরচ ও কৃষি খাতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।