ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে। আজ রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিল মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
এর আগে চলতি এপ্রিল মাসের শুরুতেই এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মূল্যবৃদ্ধি হলো।
বিইআরসি জানিয়েছে, এক মাসে দুই দফা মূল্যবৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রধান কারণ। বিশেষ করে হরমুজ প্রণালির সংকট, যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজি পরিবহন ব্যাহত হওয়া এবং বিকল্প পথে আমদানিতে সময় ও খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, পাশাপাশি বিমা ও নিরাপত্তা খরচও বেড়েছে। ফলে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ সাময়িকভাবে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে দেশে সরবরাহ স্বাভাবিক রাখা যায়।