এপ্রিল ১০, ২০২৬, ১১:৫০ পিএম
সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)কে সংযত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্মরণ করিয়ে দেন, “এটি শাহবাগ চত্বর নয়, এটি সংসদ।”
শুক্রবার মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাসকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্ক চলাকালে স্পিকার এ মন্তব্য করেন।
বিরোধী দলের অভিযোগ, সংসদের বিশেষ কমিটির বৈঠকে হওয়া সমঝোতা ভঙ্গ করে সরকার সংশোধিত বিলটি পাস করেছে। এর প্রতিবাদে তারা ওয়াকআউট করে। এ বিষয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলাম একাধিকবার বক্তব্য দেন।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখেন। দুই পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে তর্ক-বিতর্ক চলে।
বিতর্কের একপর্যায়ে স্পিকার উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন এবং অতীতের সংসদের সঙ্গে বর্তমান সংসদের তুলনা করে এটিকে আরও সহযোগিতামূলক ও কার্যকর বলে উল্লেখ করেন। এ সময় হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তখন স্পিকার বলেন, “এভাবে অসহিষ্ণু হওয়া যাবে না, মিস্টার আবদুল্লাহ। এটি শাহবাগ চত্বর নয়, এটি সংসদ। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং অন্যের কথা শুনতে হবে।”
স্পিকারের এই মন্তব্যের পর সংসদে হট্টগোল শুরু হয়। এ সময় তিনি আরও বলেন, সংসদে সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত, নোটিশের মাধ্যমে বিষয় উত্থাপন করতে হবে।