জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৩:০৩ পিএম

জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, ছবি: সংগৃহীত।

বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে পণ্যের দামে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার সকালে নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে অযথা আতঙ্ক বা গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নেই।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে সংকট থাকলেও দেশের শিল্প উৎপাদন বা রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি। শিল্পকারখানা সচল রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

জ্বালানি নিরাপত্তা জোরদারে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, দেশে গ্যাস সংরক্ষণ সক্ষমতা বাড়াতে এলএনজি সংরক্ষণাগার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থলপথে জ্বালানি সংযোগ বাড়ানোর বিষয়েও কাজ চলছে।

এ সময় শিল্পখাতে বিনিয়োগ বাড়াতে বস্ত্র ও পাট খাতকে আরও সক্রিয় করার উদ্যোগের কথাও জানান মন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জমি কাজে লাগিয়ে শিল্প করিডোর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

পরিদর্শন শেষে শহরের চাষাড়া এলাকায় একটি বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনেও অংশ নেন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Link copied!