এপ্রিল ২৯, ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ফুটবলের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপে হলুদ কার্ডের বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে, একই সঙ্গে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে কঠোর করা হয়েছে লাল কার্ডের নিয়ম।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গ্রুপ পর্ব শেষে এবং কোয়ার্টার ফাইনালের পর খেলোয়াড়দের হলুদ কার্ড ‘মুছে’ যাবে। ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ধাপে কার্ড জমে থাকার কারণে নিষেধাজ্ঞার ঝুঁকি অনেকটাই কমবে।
এর পাশাপাশি নতুন দুটি আচরণবিধি অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। এখন থেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে কিছু বললে সেটি সন্দেহজনক আচরণ হিসেবে ধরা হবে এবং রেফারি চাইলে সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। একইভাবে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে গেলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
ফিফা জানিয়েছে, এই নিয়মগুলো ‘অপ্ট-ইন’ পদ্ধতিতে কার্যকর হবে এবং আসন্ন বিশ্বকাপ থেকেই তা প্রয়োগের পরিকল্পনা রয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত ঘটনার প্রভাব রয়েছে। বিশেষ করে মুখ ঢেকে কথা বলার মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এবং ম্যাচ চলাকালে প্রতিবাদ জানিয়ে মাঠ ত্যাগ করার ঘটনাগুলো ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, মুখ ঢেকে কিছু বলার অর্থ সাধারণত তা গোপন বা আপত্তিকর। তাই এমন আচরণ কঠোরভাবে দমন করা প্রয়োজন। তার মতে, খেলোয়াড়দের আচরণে স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
এছাড়া এখন থেকে কোনো দলের কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দিলে তার বিরুদ্ধেও লাল কার্ড দেখানোর বিধান রাখা হয়েছে।
নতুন এই নিয়মগুলো বিশ্ব ফুটবলে শৃঙ্খলা বজায় রাখা এবং বিতর্ক কমানোর লক্ষ্যেই আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।