গুলশানে একজন বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকালে তাকে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত নারীর নাম শামীম সালিম কাসিম, তার বয়স ৬৭ বছর। তিনি বারিধারার পার্ক রোডের একটি বাসায় বসবাস করতেন।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, কন্টিনেন্টাল হাসপাতাল থেকে তাদের ফোন করে বিষয়টি জানানো হয়।
তিনি বলেন, ‘আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানি না। আমি ও আমাদের টিম সেখানে যাচ্ছি।’
পুলিশ জানায়, শামীম সালিম কাসিম কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।