এপ্রিল ২৯, ২০২৬, ০৩:১১ পিএম
ফাইল ছবি।
আসন্ন বাজেটকে সামনে রেখে অর্থনীতির বর্তমান বাস্তবতা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণের চাপ এখনো বহন করতে হচ্ছে। এতে অর্থনৈতিক ব্যবস্থাপনায় চাপ তৈরি হলেও সরকার ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন। বৈঠকে তিনি উল্লেখ করেন, বাজেট একাই সব সমস্যার সমাধান নয়—বরং সারা বছর ধরে নীতিগত পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হয়।
মন্ত্রী জানান, নতুন রপ্তানি খাতের সম্ভাবনা তৈরি হলে সরকার সেসব খাতে সহায়তা বাড়াবে। একই সঙ্গে ব্যবসায়ীদের কার্যক্রম সহজ করতে নীতিগত ও প্রশাসনিক বাধা কমানোর উদ্যোগ নেওয়া হবে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে সময় প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার বড় বাজেটের চেয়ে কার্যকর ও গুণগত মানসম্পন্ন বাজেট তৈরিতে গুরুত্ব দিচ্ছে। অতীতের মতো বড় প্রকল্পের নামে অপচয় বা অনিয়মে না গিয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনায় এগোতে চায় সরকার।
সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা এবং নারীদের জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব দেয়। এসব প্রস্তাব বিবেচনায় নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।