ফ্লোরিডায় লিমনের মরদেহ উদ্ধারের স্থান থেকে মিলল খণ্ডিত দেহাবশেষ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১২:৪০ পিএম

ফ্লোরিডায় লিমনের মরদেহ উদ্ধারের স্থান থেকে মিলল খণ্ডিত দেহাবশেষ

জামিল আহম্মেদ লিমন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহম্মেদ লিমনের মরদেহ উদ্ধারের একই এলাকা থেকে মানবদেহের আরও খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। নতুন এই দেহাবশেষ ঘিরে তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন জলাশয় থেকে দেহাবশেষগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস ও পিনেলাস কাউন্টি শেরিফের অফিস যৌথভাবে অংশ নেয়।

উদ্ধার হওয়া দেহাবশেষ বর্তমানে মেডিক্যাল এক্সামিনারের দপ্তরে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত এগুলোর পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত শুক্রবার একই এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার এক রুমমেটকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ভুক্তভোগী দুই শিক্ষার্থীই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি করছিলেন। একই বাসায় তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এটি একটি চলমান তদন্ত। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

Link copied!