ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে যশোরে পৌঁছেছেন। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সেখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে যশোরের উদ্দেশে রওনা দেন তিনি।
যশোর বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সেখান থেকে তিনি সার্কিট হাউসে যান।
সফরকালে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। এর মধ্যে শার্শা উপজেলার উলসী খাল খনন প্রকল্পের উদ্বোধন, সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেওয়া উল্লেখযোগ্য।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। এর আগে নির্বাচনী প্রচারণার সময় তিনি এই জেলায় একটি বড় জনসভায় অংশ নিয়েছিলেন।