এপ্রিল ২৭, ২০২৬, ১২:১৮ পিএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার উদ্দেশ্যে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আর্থিক সংকটে পড়েছে। প্রতিষ্ঠার এক বছর পার না হতেই প্রতিষ্ঠানটি এখন নিজেদের কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১০ আগস্ট যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটির জন্য মোট ৩৩৭ কোটি টাকার তহবিল নির্ধারণ করা হয়েছিল। তবে শুরুতে ১০০ কোটি টাকা পেলেও এরপর আর কোনো অর্থ ছাড় করা হয়নি। বাকি ২৩৭ কোটি টাকা এখনও পাওয়া যায়নি।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর জানান, অর্থ ছাড়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
এদিকে ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে এখনো ৮ হাজারের বেশি ব্যক্তি আর্থিক সহায়তা পাননি। শহীদ পরিবারের সদস্যরাও যথাযথ সহায়তা না পাওয়ার অভিযোগ তুলেছেন।
শহীদ পরিবারের সদস্যরা বলছেন, পুনর্বাসন, চিকিৎসা ও আর্থিক সহায়তা না পেলে তাদের পক্ষে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। তারা দ্রুত সহায়তা নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই পরিস্থিতিতে আর্থিক সংকট কাটাতে সংসদ সদস্যদের প্রতি এক মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে ফাউন্ডেশনটি। তাদের মতে, দ্রুত অর্থ সহায়তা না পেলে কার্যক্রম চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে।