হরমুজ প্রণালি খোলা ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১২:৫২ পিএম

হরমুজ প্রণালি খোলা ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবে পারমাণবিক আলোচনা পরবর্তী ধাপের জন্য স্থগিত রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এদিকে, চাপ প্রয়োগ বা হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোন আলাপে তিনি বলেন, বর্তমান মার্কিন পদক্ষেপগুলো ওয়াশিংটন-তেহরানের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে ও সংলাপের পথ আরও জটিল করে তুলছে।

অন্যদিকে, যুদ্ধের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‍‍এই যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না।‍‍ একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ফলে ইরানের তেল অবকাঠামো গুরুতর ঝুঁকিতে পড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবরোধের কারণে ইরান তেল জাহাজে তুলতে পারছে না, যে কারণে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ থেকে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে টেলিফোনে কথা হয়। আলোচনায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত পুনরায় চালু করার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

তীব্র উত্তেজনা ও হুমকি-ধামকির মধ্যেও আলোচনার পথ এখনো বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন দূতদের ইসলামাবাদ সফর বাতিল করেন তিনি। তবে, দুই দেশের আলোচনা ফোনকলের মাধ্যমে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Link copied!