পুলিশসহ জরুরি সেবার জন্য উঠে গেল ‘জ্বালানি রেশনিং’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০৪:৩৮ পিএম

পুলিশসহ জরুরি সেবার জন্য উঠে গেল ‘জ্বালানি রেশনিং’

প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা ‘রেশনিং’ তুলে নেওয়ার তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার স্বার্থে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও তিনি সংসদকে জানান।

কুমিল্লার এক কাস্টমস কর্মকর্তার হত্যাকাণ্ড এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা ইতোমধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।

Link copied!