মানহানির মামলায় আগাম জামিন পেলেন আমির হামজা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১২:০৮ পিএম

মানহানির মামলায় আগাম জামিন পেলেন আমির হামজা

ছবি: সংগৃহীত

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে দেওয়া এক বক্তব্যের প্রেক্ষিতে আমির হামজার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২ এপ্রিল সিরাজগঞ্জে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।

মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির অভিযোগ করেন, একটি ধর্মীয় সমাবেশে দেওয়া বক্তব্যে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

এরপর আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

এই অবস্থায় তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার পক্ষে আদেশ দেন।

Link copied!