এপ্রিল ২৬, ২০২৬, ১২:২১ পিএম
ছবি: সংগৃহীত
নিয়োগপত্রের দাবিতে আন্দোলনে নেমেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। রবিবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা একটি মিছিল শুরু করেন।
মিছিলটি সড়কে নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে আন্দোলনকারীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় আন্দোলনকারীদের হাতে লেখা প্ল্যাকার্ডে ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’—এমন নানা স্লোগান দেখা যায়।
আন্দোলনকারীরা জানান, তারা আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগপত্র পাননি এবং এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্যও দেওয়া হয়নি।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। নিয়োগপত্র ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।