ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় ধরনের প্রশাসনিক রদবদল হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় কর্মরত পাঁচজন পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং প্রশাসনিক কাজের গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে বদলি করে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আদাবর থানার বর্তমান পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
একই আদেশে দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে হাতিরঝিল থানার তদন্ত পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি হওয়া সব কর্মকর্তাকে দ্রুত তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।