এপ্রিল ২১, ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেনকে (৫০) কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় র্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (মিডিয়া) মেজর লুৎফর রহমান হাদী এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে উপ-পরিচালকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, আহত উপ-পরিচালককে দীর্ঘদিন ধরে বিদেশি নম্বর থেকে টেন্ডার দেওয়ার জন্য একটি চক্র হুমকি দিয়ে আসছিল। সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে অফিস শেষ করে ক্যানসার হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাত ২-৩ ব্যক্তি তার ওপর হামলা চালায়। তারা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ক্যানসার হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।