সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৬:২৪ পিএম

সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি

জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্পিকারের নির্দেশে গঠিত এ কমিটির বিষয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উত্থাপিত কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজাম)-কে। অন্যান্য সদস্যরা হলেন: ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহ।

আদেশে আরও বলা হয়েছে, তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। সংসদ সচিবালয়ের মানবসম্পদ অনুবিভাগের যুগ্ম সচিব মিজ সৈয়দা মাছুমা খানম কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন।

উল্লেখ্য, সম্প্রতি সংসদ সচিবালয়ের ক্যামেরা, ব্যাগ ও কার্ড রিডারসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় অস্বাভাবিক ব্যয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছিল, বাজারমূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে এসব সামগ্রী কেনা হয়েছে। এ ঘটনায় জনমনে ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

Link copied!