ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটনের একটি হোটেলে নৈশভোজ চলাকালে গুলির ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হোয়াইট হাউসের ব্রিফিং রুমে নিজের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডনাল্ড ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেও বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিতে চান না। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, ‘প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে তা যদি আগে জানতাম, তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না। পরে তিনি সিরিয়াস ভঙ্গিতে বলেন , ‘দেখুন, আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। এটি (বিপদ) এই কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’
এর আগে ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ শোনা গেলে জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প দাবি করেন, নৈশভোজ চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল এবং তিনি একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। তার মতে, মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য ওই সন্দেহভাজনকে আটক করেন।
তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা চৌকিতে একাধিক অস্ত্র নিয়ে হামলা চালান এবং পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন বলে জানান ট্রাম্প। কারণ, তিনি ‘খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট’ পরেছিলেন।
হিলটন হোটেলের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। তিনি তাকে ‘খুবই অসুস্থ মানসিকতার মানুষ’ বলে বর্ণনা করেন।
তথ্যসূত্র: সিএনএন