ছবি: সংগৃহীত
বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০০৭ সালের ২০ এপ্রিল শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন। । মুম্বাইয়ের জুহু তখন রীতিমতো জনসমুদ্র। অমিতাভ বচ্চনের দুই বাংলো ‘জলসা’ ও ‘প্রতীক্ষা’র চারপাশে ছিল কড়া নিরাপত্তা। বলিউড ইতিহাসের অন্যতম হাইপ্রোফাইল বিয়ের সাক্ষী হতে সেখানে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত ও গণমাধ্যমকর্মী। সেই ঐতিহাসিক মুহূর্তের ১৯ বছর পূর্ণ হয়েছে।
সামাজিক মাধ্যমের ব্যাপক প্রভাব তখনো শুরু হয়নি, ফলে সেই বিয়ের নানা তথ্য ছিল অনেকটাই রহস্যঘেরা। তবে দীর্ঘ প্রায় দুই দশক পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে সাবেক এই বিশ্বসুন্দরীর রাজকীয় সাজ।
ডিজাইনার নীতা লুল্লার তৈরি সেই শাড়িটির দাম তখনকার হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা ছিল। হীরা ও সোনার ভারী গয়নার সঙ্গে জয়া-অমিতাভের দেওয়া কয়েক কোটি টাকার মঙ্গলসূত্র—সব মিলিয়ে ঐশ্বরিয়ার সেই ব্রাইডাল লুক আজও বলিউডের আইকনিক ফ্যাশন হিসেবে বিবেচিত।
এই জাঁকজমকের আড়ালেই ছিল এক নিটোল প্রেমের গল্প। ২০০৬ সালে ‘উমরাও জান’-এর সেটে শুরু হওয়া সম্পর্কের রসায়ন পূর্ণতা পায় নিউ ইয়র্কের এক হোটেলের বারান্দায়।
অভিষেক নিজেই স্মৃতিচারণ করে জানিয়েছিলেন, হোটেলের সেই জায়গাতেই তিনি ঐশ্বরিয়াকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন। ‘গুরু’ সিনেমার সাফল্যের আবহে সেই প্রস্তাবে সম্মতি দেন ঐশ্বরিয়াও। এরপর ২০ এপ্রিল হিন্দু রীতিতে চার হাত এক হওয়ার পর থেকে তারা পরিচিতি পান বি-টাউনের ‘পাওয়ার কাপল’ হিসেবে।
২০১১ সালে আরাধ্যা বচ্চনের জন্মের পর এই দম্পতির অগ্রাধিকারের জায়গা অনেকটাই বদলে যায়। ক্যারিয়ারের চেয়ে পরিবার ও সন্তান লালন-পালনই হয়ে ওঠে তাদের মূল কেন্দ্রবিন্দু। যদিও সময় সময় তাদের নিয়ে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে, তবে প্রতিবারই তারা জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হয়ে সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছেন।
১৯তম বিবাহবার্ষিকীতে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই তারকা দম্পতি। কেউ ফিরে দেখছেন সেই ৯০ লাখ টাকার শাড়ির আভিজাত্য, আবার কেউ মুগ্ধ হচ্ছেন তাদের ১৯ বছরের এই অমলিন পথচলায়।