এপ্রিল ২৭, ২০২৬, ০১:৩১ পিএম
বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। মুক্তির পরপরই সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি যুক্তরাষ্ট্রে ৯৭ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী মোট ২১৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা বায়োপিক চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা ওপেনিং হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে ২০১৫ সালের ‘স্ট্রেট আউটা কম্পটন’ (৬০ মিলিয়ন ডলার) এবং ২০১৮ সালের ‘বোহেমিয়ান র্যাপসোডি’ (৫১ মিলিয়ন ডলার) যে রেকর্ড করেছিল, ‘মাইকেল’ সেগুলোকে অনেক পিছনে ফেলেছে। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকেও এটি বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
তবে সমালোচকদের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে মিশ্র। রটেন টমেটোজে সিনেমাটির ইতিবাচক রিভিউ মাত্র ৩৮% হলেও দর্শকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। সিনেমাস্কোরের জরিপে দর্শকরা একে ‘এ মাইনাস’ গ্রেড দিয়েছেন।
অ্যান্টোইন ফুকা পরিচালিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের শৈশব থেকে শুরু করে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। মাইকেল চরিত্রে অভিনয় করেছেন তারই ভাগ্নে জাফর জ্যাকসন।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত সিনেমাটিতে যৌথভাবে কাজ করেছে লায়ন্সগেট, ইউনিভার্সাল এবং মাইকেল জ্যাকসন এস্টেট।
সমালোচকদের মতে, জ্যাকসনের জীবনের পরবর্তী সময়ের শিশু নির্যাতনের অভিযোগগুলো চলচ্চিত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। আইনি জটিলতার কারণে গল্পকে মূলত ১৯৮৮ সালের ‘ব্যাড’ ট্যুর পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।
তবে ব্যাপক বাণিজ্যিক সাফল্যের কারণে লায়ন্সগেট কর্তৃপক্ষ মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে আরও সিনেমা নির্মাণের পরিকল্পনা করছে। সূত্র: ভ্যারাইটি