নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০১:৫৭ পিএম

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গ্যাস সংকট নিরসনে মা ও বোনদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে।

আজ সোমবার যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যতদিন দায়িত্বে থাকবেন, জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে সব উন্নয়ন কর্মসূচি মানুষের কল্যাণে পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‍‍`কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। শিগগিরই এলপিজি কার্ড চালু করা হবে।‍‍`

তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি বিভ্রান্তি সৃষ্টি করে বা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, জনগণ তার জবাব দেবে।

নারী শিক্ষার প্রসঙ্গে তিনি জানান, মেয়েদের অবৈতনিক শিক্ষা ডিগ্রি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এ বিষয়ে তিনি বলেন, দেশে নারী শিক্ষাকে এগিয়ে নিতে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করবে সরকার।

তিনি আরও বলেন, ‍‍`গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে।‍‍`

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী ধৈর্য ধরে সংকট মোকাবেলার আহ্বান জানান।

এর আগে তিনি উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। সফরসূচি অনুযায়ী সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

Link copied!