বিশ্বব্যাংকের পূর্বাভাস

জ্বালানি সংকটের প্রভাব, ২০২৬ সালে বৈশ্বিক পণ্যমূল্য বাড়বে ১৬%

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১২:৩৯ পিএম

জ্বালানি সংকটের প্রভাব, ২০২৬ সালে বৈশ্বিক পণ্যমূল্য বাড়বে ১৬%

ছবি: সংগৃহীত

চলতি বছর বিশ্বজুড়ে পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ‘কমোডিটি মার্কেট আউটলুক ২০২৬’ প্রতিবেদনের এপ্রিল সংস্করণে বলা হয়েছে, গড়ে পণ্যমূল্য প্রায় ১৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার প্রভাবেই এই মূল্যবৃদ্ধির ধারা তৈরি হয়েছে। বিশেষ করে তেল ও প্রাকৃতিক গ্যাসের দামে ঊর্ধ্বগতি ইতোমধ্যে বাজারে চাপ সৃষ্টি করছে।

বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, জ্বালানির দাম বাড়ার ফলে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি সবচেয়ে বেশি চাপে পড়তে পারে। এসব দেশে মূল্যস্ফীতি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালের পর এবারই পণ্যমূল্য বৃদ্ধির বিষয়ে বড় ধরনের পূর্বাভাস দেওয়া হলো। তবে পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে জ্বালানি বাজারের ওপর—বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ওপর।

বিশ্লেষকদের মতে, সরবরাহ সংকট অব্যাহত থাকলে ২০২৬ সালে জ্বালানির দাম গড়ে ২৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি করবে।

Link copied!