মে ১, ২০২৬, ০১:৩০ পিএম
দেশজুড়ে তরুণ ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে শুরু হচ্ছে নতুন উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়ন করবে ক্রীড়া পরিদপ্তর। শনিবার সিলেট জেলা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে অংশ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে সংযুক্ত হয়ে কার্যক্রমের সূচনা করবেন।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং ধাপে ধাপে তাদের জাতীয় পর্যায়ে তুলে আনা এই কর্মসূচির মূল লক্ষ্য। আয়োজকরা বলছেন, শুধু খেলোয়াড় তৈরি নয়—শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মানসিকতা গড়ে তুলতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।
প্রথম ধাপে দেশজুড়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। স্বল্প সময়ের মধ্যেই ১ লাখ ৬০ হাজারের বেশি কিশোর-কিশোরী অনলাইনে নিবন্ধন করেছে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে দল গঠন শেষ হয়েছে, পরবর্তী ধাপে অঞ্চল ও বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট—মোট আটটি ইভেন্ট রাখা হয়েছে। দলীয় খেলাগুলো নকআউট পদ্ধতিতে এবং ব্যক্তিগত ইভেন্টগুলো বাছাই ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে এই আয়োজন পরিচালিত হবে, যাতে কোনো প্রতিভা উপেক্ষিত না হয়। ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে প্রতিযোগিতা এগিয়ে যাবে।
অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের জন্য ভাতা, জার্সি এবং প্রতিটি ধাপে সনদ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় পর্যায়ে নির্বাচিতদের জন্য থাকবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, এমনকি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ভর্তির সুযোগও।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।