একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২৬, ০৪:২১ পিএম

একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালের প্রেক্ষাপটের জামায়াত ও বর্তমান সময়ের দলটি এক নয়। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দলের গঠনতন্ত্রে একাধিক পরিবর্তন আনা হয়েছে। বর্তমান গঠনতন্ত্রে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এত পরিবর্তনের পরও একটি গোষ্ঠী পুরোনো বিতর্ককে সামনে এনে রাজনৈতিক বিভাজন তৈরির চেষ্টা করছে। তার মতে, এটি জাতীয় ঐক্যের জন্য সহায়ক নয় বরং বিভক্তির পরিবেশ সৃষ্টি করে।

জাতীয় স্বার্থে এসব বিতর্ক দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। নতুন প্রজন্মের জন্য একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন জামায়াতের এই নেতা।

সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সংগঠনের সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী দীন মোহাম্মদ এবং মো. মজিবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!