প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি
ঈদের ছুটির সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানান।
ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, জ্বালানিসহ কিছু বিষয়ে সমাজে একটা অস্থিরতা রয়েছে। সেগুলো নিরসনে মন্ত্রীদের কাজ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
তিনি বলেন, নারী নির্যাতন এবং ধর্ষণের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। সরকারের অগ্রাধিকার হিসেবে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার নিশ্চিত করার কথাও তুলে ধরা হয়।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা পরিবর্তন অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ, যা পরবর্তীতে সংসদে অনুমোদনের জন্য পাঠানো হবে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংশ্লিষ্ট একটি বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত খতিয়ে দেখতে কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।’