মার্চ ১৮, ২০২৬, ০২:৫০ পিএম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। তাদের ভাষ্য অনুযায়ী, প্রকৃতপক্ষে সেখানে কোনো চুরি হয়নি; ঝড়-বৃষ্টির সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের সার্ভিস লাইনের তার অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে গিয়েছিল।
বুধবার (১৮ মার্চ) বাগেরহাট জেলা পুলিশের তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দফতর এ ব্যাখ্যা দেয়।
পুলিশ সদর দফতর জানায়, মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা তাদের নজরে এসেছে। কিন্তু ঘটনাটি প্রকৃতপক্ষে চুরি নয় বলে দাবি করা হয়েছে। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেছে পুলিশ।
তাদের ব্যাখ্যায় বলা হয়, সোমবার (১৬ মার্চ) রাত প্রায় ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের কিছু তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ওই তারগুলো নিয়ে যায়।
ঘটনাটি জানার পর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।