ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০৬:৩৫ পিএম

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে, যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন। দূতাবাস জানিয়েছে, যদি ভ্রমণের সময় পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকে বা সরকারি সুবিধার অপব্যবহার করা হয়, তাহলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতার কারণও হতে পারে।

আজ শনিবার প্রকাশিত ভ্রমণসংক্রান্ত বিশেষ বার্তায় বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়মটি পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা বা ট্রানজিট—সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ বহন করার সক্ষমতা আগেভাগে নিশ্চিত করতে হবে। বিশেষ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি অবস্থায় সরকারি সুবিধা গ্রহণ করলে ভিসা তাৎক্ষণিক বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করার সময়ই আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে হয়। তবে অনেক সময় দর্শনার্থীরা সেখানে গিয়ে স্থানীয় সরকারি সুবিধা বা বিনামূল্যে পাওয়া যায় এমন সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের অনিয়ম রোধে ওয়াশিংটন আরও কঠোর অবস্থান নিয়েছে।

দূতাবাস সকল পর্যটককে অনুরোধ করেছে, সম্ভাব্য জরুরি খরচসহ সম্পূর্ণ ভ্রমণের জন্য পর্যাপ্ত তহবিল প্রস্তুত রাখার ব্যবস্থা করবেন।

Link copied!