মার্চ ১৮, ২০২৬, ১২:১৫ পিএম
ইরানের ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতে মধ্যপ্রাচ্যে ২০০-এর বেশি সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
মঙ্গলবার (১৭ মার্চ) লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টে ডজনখানেক সংসদ সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘ওই অঞ্চলে ২০১ জন ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন বিশেষজ্ঞ অবস্থান করছেন। আরও ৩৪ জন সেখানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কীভাবে শাহেদ ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে হয়, মধ্যপ্রাচ্যে যাওয়া সামরিক বিশেষজ্ঞ জানেন।’ তিনি ইরান নকশাকৃত কামিকাজ ড্রোনের কথা উল্লেখ করেন, যা ২০২২ সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আসছে।
জেলেনস্কি জানান, ‘আমাদের দলগুলো ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবে রয়েছে। আরেকটি দল কুয়েতের পথে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কয়েকটি দেশের সঙ্গে কাজ করছি, চুক্তিগুলো ইতোমধ্যেই হয়েছে। আমরা চাই না ইরানি সরকারের এ আতঙ্ক প্রতিবেশীদের বিরুদ্ধে সফল হোক।’
এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট উপসাগরীয় কয়েকটি দেশ এবং জর্ডানে সামরিক দল পাঠানোর কথাও জানিয়েছিলেন।
এদিন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ন্যাটো প্রধান মার্ক রুটে-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বলেন, রাশিয়াকে ইরান শাহেদ-১৩৬ ড্রোন সরবরাহ করেছে এবং সেগুলো ব্যবহারের পদ্ধতি ও উৎপাদন প্রযুক্তিও দিয়েছে। পরে রাশিয়া এগুলো আপগ্রেড করেছে। জেলেনস্কির দাবি, বর্তমানে ব্যবহৃত কিছু ইরানি শাহেদ ড্রোনে রাশিয়ার উপাদান থাকার প্রমাণ তাদের হাতে রয়েছে।