ছবি: সংগৃহীত
দীর্ঘ তিন মাস কারাভোগের পর সাংবাদিক আনিস আলমগীর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
আজ শনিবার দুপুরে কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। এ সময় তিনি সাদা একটি প্রাইভেটকারে চড়ে কারা ফটক দিয়ে বের হন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনের কাগজপত্র গত রাতে কারাগারে পৌঁছানো হলে তা যাচাই-বাছাই শেষে আজ দুপুর আড়াইটার দিকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এ নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর পাঁচ দিন রিমান্ডে থাকার পর তাকে কারাগারে পাঠানো হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।
এরপর ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে দুদক মামলা করা হয়, যেখানে অভিযোগ করা হয় তিনি ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ২৫ জানুয়ারি এই মামলায় তার গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুদক, যা আদালত মঞ্জুর করেন। পরে ১১ মার্চ তিনি এই মামলায় জামিন পান।
মুক্তির সময় উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ এবং তার আইনজীবী ব্যারিস্টার মেহদী হাসান হীরা ও আসলাম মিয়া।