মার্চ ১২, ২০২৬, ১২:১৪ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও নেত্রোকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে এই পদে নির্বাচিত করা হয়।
সকাল সোয়া ১১টায় সংসদের জ্যেষ্ঠতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই তিনি জানান, ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে।
পরে ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করতে বলা হলে সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।
এরপর ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদ সদস্যদের কাছে প্রস্তাবটি অনুমোদনের জন্য কণ্ঠভোট চান। উপস্থিত সদস্যরা সমর্থনে ‘হ্যাঁ’ বললে সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত ঘোষণা করা হয়।