সংবিধান সংস্কার নিয়ে সিদ্ধান্ত সংসদেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০৪:১৪ পিএম

সংবিধান সংস্কার নিয়ে সিদ্ধান্ত সংসদেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রথম ধাপের অধিবেশন আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। এরপর সংসদ মুলতবি থাকবে এবং আগামী ২৯ মার্চ থেকে আবারও অধিবেশন শুরু হবে। সব মিলিয়ে বর্তমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

সংবিধান সংস্কার কমিশন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়টি আজকের সভার আলোচ্যসূচিতে ছিল না। তবে সরকার চায় সংবিধান সংস্কারের বিষয়টি সংসদের মাধ্যমেই নিষ্পত্তি হোক।

এর আগে একই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানান। তিনি বলেন, আগামীকাল এই অধিবেশন আহ্বান করা না হলে বর্তমান সরকারের শেষ অধিবেশন হিসেবে বিবেচনা করা হবে।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। আগামী ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

Link copied!