ছুটির দিনেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২৬, ০১:০৯ পিএম

ছুটির দিনেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

ছবি: সংগৃহীত

শবে কদর ও ঈদের ছুটির মধ্যবর্তী সরকারি ছুটির দিনেও দেশের নির্দিষ্ট শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকায় সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু শাখা খোলা রাখা হবে।

এ নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্পঘন এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ সীমিত জনবল দিয়ে চালু থাকবে।

এই দুই দিনে ব্যাংকের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরসংলগ্ন এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও বুথগুলোতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) আমদানি-রফতানি সংশ্লিষ্ট কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন। জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় এই নির্দেশনা জারি করা হয়েছে।

Link copied!