ছবি: সংগৃহীত
অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
মঙ্গলবার তিনি গণমাধ্যমকে জানান, শামস সুমনের মৃত্যুর বিষয়টি পরিবার ও ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এক সময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন শামস সুমন। মঞ্চনাটক থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দা সব জায়গাতেই তিনি অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে টেলিভিশন নাটকে খুব বেশি দেখা যায়নি।
শিল্পীজীবনের শুরুতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’ এর সঙ্গে যুক্ত ছিলেন। মঞ্চ ও আবৃত্তির অভিজ্ঞতা থেকেই তার অভিনয়জীবনের পথচলা শুরু হয়।
পরবর্তীতে ছোট পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। নির্মাতা তৌকির আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর বাদল খন্দকার পরিচালিত বিদ্রোহী পদ্মা সিনেমায়ও অভিনয় করেন তিনি।
২০০৮ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই চলচ্চিত্রে তার প্রাণবন্ত অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।
শামস সুমনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জোনাকির আলো, আয়না কাহিনি, প্রিয়া তুমি সুখী হও, চোখের দেখা এবং মন জানে না মনের ঠিকানাসহ আরও বেশ কিছু নাটক ও চলচ্চিত্র।
তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। শোবিজ অঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতার প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণ করছেন।