ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৫৯ পিএম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম | ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন পর্যন্ত জোট বহাল থাকায় আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করবে। জোটের ভবিষ্যৎ কী হবে, তা নির্বাচন শেষে দেখা যাবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগরে নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করেন।
১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সাড়া মিলছে উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে৷ যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে।’
এ সময় নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-১১ আসনের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম।