পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:০৩ পিএম

পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫

ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নুরুল হক নুরের ট্রাক প্রতীকের সমর্থকদের একটি মিছিল এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থকদের আরেকটি মিছিল মুখোমুখি হয়। মিছিল দুটি অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে মারুফ, অজিত, ওয়াজিব, অলিউল ইসলাম টিটু, বায়েজিদসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থক মারুফ গাজী (২৪), ওয়াজিব হাওলাদার (২৪) ও জায়েদ (২২) কে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে নুরুল হক নুরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু নাঈম বলেন, ডাকুয়ায় তাদের তিনজন সমর্থককে প্রতিপক্ষের লোকজন মিছিলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Link copied!