আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন মৌ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:২৮ পিএম

আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন মৌ

সাদিয়া ইসলাম মৌ | ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের বিনোদনজগতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। কাজ নিয়ে ব্যস্ত থাকলেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন সক্রিয় নন। তবে সম্প্রতি তার নাম ও ছবি ব্যবহার করে অনলাইনে ভুয়া পেজ ও আইডি খোলার ঘটনায় চরম বিরক্তি, বিব্রতবোধ ও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর অভিযোগ, তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া হচ্ছে, ছবি আপলোড করা হচ্ছে এবং এমনকি তার পরিচিতজনদের পোস্টে মন্তব্যও করা হচ্ছে।

এ বিষয়ে সাদিয়া ইসলাম মৌ স্পষ্ট করে জানান, ফেসবুকে তার একটি মাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলেও জানান তিনি।

ভুয়া অ্যাকাউন্ট খোলার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মৌ বলেন, ‘যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি—এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া—এসব আইনত অপরাধ। ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ভক্তদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও জানিয়ে দিচ্ছি—আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নেই। যারা এসব করছে, সাবধান হোন। নইলে আইনি ব্যবস্থায় যা হওয়ার, তা–ই হবে।’

Link copied!