জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:৪০ পিএম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের পরও ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী পদত্যাগের পর দুই মাস সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও তিনি ২০ দিনের মধ্যেই বাসা ছেড়েছেন।
শুক্রবার মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘দুই মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয় এবং তাঁকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ওই সংবাদকে মিথ্যা দাবি করে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস থাকা গেলেও পদত্যাগের ২০ দিন পরেই গত বছর আমি বাসা ছেড়েছি। অথচ এ বিষয় নিয়েও মিডিয়া ট্রায়ালের শিকার হলাম।’
তিনি আরও লেখেন, রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকলে তা রাজনৈতিকভাবেই করা উচিত। রাজনৈতিক যুক্তির বদলে ব্যক্তিগত আক্রমণ করাকে তিনি লজ্জাজনক বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর দাবি অনুযায়ী, তিনি একই বছরের ৩১ ডিসেম্বর সরকারি বাসা ছেড়েছেন। বিষয়টির প্রমাণ হিসেবে তিনি বাসা ছাড়ার একটি নথির ছবিও ফেসবুক পোস্টে যুক্ত করেছেন।